ঝিনাইদহে জামায়াতের হামলায় ইউপি চেয়ারম্যান আহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তার মোটরসাইকেলও পুড়িয়ে দেয়া হয়েছে।
আহত শাহাজাহান আলী আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।তিনি মাথা ও হাতে আঘাত পেয়েছেন। তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুরে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন জানান।
তিনি বলেন, বিরোধী দলের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সকাল থেকে খালিশপুরে কালীগঞ্জ -চুয়াডাঙ্গা সড়কে অবস্থান নেয়।
শাহাজাহান আলী মোটরসাইকেলে করে মহেশপুর যাচ্ছিলেন।
“খালিশপুর পৌঁছালে মুখোশধারী একদল জামাতকর্মী তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে নিয়ে মারপিঠ করে,” বলেন এসপি।
এ সময় তারা মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় বলে জানান তিনি।
