তফসিল সংলাপকে আরো জরুরি করে তুলল: মজীনা
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করায় অবাধ ও নিরপেক্ষ ভোট আয়োজনে প্রধান দুই দলের মধ্যে সংলাপকে ‘আরো জরুরি’ করে তুলেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
সোমবার নতুন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর কয়েক ঘণ্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জাতির উদ্দেশে ভঅষণে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
বিরোধী দল বিএনপি ইতোমধ্যে হুমকি দিয়েছে, নির্বাদলীয় সরকারের ব্যবস্থা না করে তফসিল দিলে দেশ অচল করে দেবে তারা।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চীনসহ বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে ক্ষমতাসীন ও বিরোধী দলকে সমঝোতায় আসার তাগিদ দেয়া হলেও কোনো উদ্যোগেই এখন পর্যন্ত ফল আসেনি। বরং বিরোধী দলের হরতালকে ঘিরে সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে।
রাষ্ট্রদূত মজীনা বলেন, “এটা (সহিংসতা) কোনোভাবেই গণতন্ত্রের সঙ্গে যায় না। শান্তিপূর্ণভাবে যার যার মত প্রকাশের অধিকার সব দলেরই রয়েছে।”
বৈঠক প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, তিনি নতুন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে সার্বিক বিষয়ে অবহিত করেছেন।
বাংলাদেশ সময় সোমবার রাত ৯টার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা চুক্তি হচ্ছে জানিয়ে মজীনা বলেন,ওই চুক্তির পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ বিষয়ে সংক্ষিপ্ত বৈঠকও হবে।
