শরীয়তপুরে শ্রমিক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫
আধিপত্য বিস্তার নিয়ে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের দুগ্রুপের সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে শরীয়তপুর শহরে এ সংঘর্ষ চলাকালে একটি ক্লিনিক ও দুটি মোটরসাইকেল ভাংচুর করে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া একটি ক্লাবঘর ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করা হয়।
আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম বলেন, শরীয়তপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার ও সাবেক সাধারণ সম্পাদক এলিম পাহাড় গ্রুপের সমর্থকদের মধ্যে রোববার রাতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়াও হয়।
এর জেরে সোমবার দুপুরে শহরের চৌরঙ্গীর মোড়ে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুরো শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
উভয়পক্ষের সমর্থকরা দেশি অস্ত্রশস্ত্র ব্যবহার করে।
ওসি আরো বলেন, এ সময় হাওলাদার ক্লিনিক, দুটি মোটরসাইকেল ভাংচুরের পর অগ্নিসংযোগ করা হয়। এছাড়া একটি ক্লাবঘরসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরও করা হয়।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার ফরিদুল হক, উপ-পরিদর্শক এমারত হোসেন।
আহত অন্যরা হলেন শরীয়তপুর বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার, সাধারণ সম্পাদক আলী আজম মাদবর, সাদ্দাম হোসেন চৌকিদার, কবির হোসেন চৌকিদার, মিন্টু চৌকিদার, তারেক সরদার, আবু আলেম সরদার, মজিদ মুন্সি, মোয়াজ্জেম হোসেন।
