চবির মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন
হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) মৌখিক পরীক্ষার সময়সূচি পাল্টেছে।
সোমবার সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হোসাইন কবির স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডি-১(মানবিক)এর প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার ২৬ নভেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এছাড়া ডি-২ (বিজ্ঞান)ও ডি-৩ (ব্যবসায় প্রশাসন) এর মৌখিক পরীক্ষা ২৭ নভেম্বরের পরিবর্তে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
পূর্ব নির্ধারিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২৯ নভেম্বর ‘এইচ’ ইউনিট ও ‘জি’ ইউনিটের এবং ৩০ নভেম্বর বি ৩ থেকে ৭ ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদের)ভর্তি পরীক্ষা রয়েছে।
‘ডি’ ইউনিটের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনেকেই ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য বিভিন্ন ইউনিটের পরীক্ষায় অংশ নিতে ফরম কিনেছেন।
অধ্যাপক হোসাইন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওইসব পরীক্ষায় ডি ইউনিটের উত্তীর্ণদের কেউ অংশ নিতে চাইলে আগে থেকেই ডিন কার্যালয়ে এসে বিষয়টি অবহিত করতে হবে।”
সন্দ্বীপে বিএনপি সমর্থিত সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার বাড়িতে হামলা ও তার ছেলে ইকবাল পাশা জাবেদ গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রামে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
