২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহৃত ফরমালিনের হিসাব দিতে হবে

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত ফরমালিনের উৎস, ব্যবহার ও পরিমাণ জানাতে চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 05:53 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

মাউশি মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে বলেন, “ফরমালিনের অপব্যবহার রোধে এই উদ্যোগ নেয়া হয়েছে।”

তিনি বলেন, দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যবহৃত ফরমালিনের উৎস, ব্যবহার ও পরিমাণ জানাতে রোববার সব জেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি দেয়া হয়েছে।

“আগামী ২৮ নভেম্বরের মধ্যে মাউশির সহকারী পরিচালক (কলেজ-২) এস এম কামাল উদ্দিন হায়দারকে দৃষ্টি আকর্ষণ করে মাউশিতে এ বিষয়ে তথ্য পাঠাতে বলা হয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জেলা শিক্ষা কর্মকর্তাদের নিজ জেলার সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে ফরমালিন নিয়ে তথ্য সংগ্রহ করে মাউশিতে পাঠাতে বলা হয়েছে বলেও জানান ফাহিমা।

ফরমালিনের অপব্যবহার বন্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে গত ৪ নভেম্বর আইন করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিগুলোতে স্যাম্পল সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করা হয়। মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতেও এর ব্যবহার আছে।

দেশে বছরে গড়ে সাড়ে ৩ লাখ কেজি ফরমালিনের প্রয়োজন হয়। চামড়া, টেক্সটাইল, পোল্ট্রি ও হ্যাচারি শিল্প, মেলামাইন, ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠানে ফরমালিন ব্যবহার হয়ে থাকে। ব্যবসায়ীরা প্রয়োজনের অনেক বেশি পরিমাণে ফরমালিন আমদানি করে তা চড়া দামে তা বাজারে বিক্রি করে আর্থিক ফায়দা লুটে বলে অভিযোগ আছে।