‘গণঅধিকার পার্টিকে কেন নিবন্ধন নয়’
গণঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের ‘অস্বীকৃতি’ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, নিবন্ধন শাখা-১ এর জ্যেষ্ঠ সহকারী সচিবকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
পাশাপাশি গণঅধিকার পার্টিকে নিবন্ধন দেয়ার বিষয়টি পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
দলটির সভাপতি মো. হোসেন মোল্লা গত মাসে হাই কোর্টে এই রিট আবেদন করেন।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল কেএম মাসুদ রুমী।
রিটে বলা হয়, গত অগাস্টে গণপ্রতিনিধিত্ব আদেশ এবং রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০০৮ ‘লঙ্ঘন করে’ নির্বাচন কমিশন গণঅধিকার পার্টিকে নিবন্ধনের অযোগ্য ঘোষণা করে।
হাই কোর্ট রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করার পরও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় জামায়াতের নাম রয়েছে। তবে নিচে ফুটনোটে আদালতের আদেশের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে প্রথমবারের মতো ৩৯টি দল নিবন্ধন পায়। পরে গঠনতন্ত্র সংশোধন না করায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়। আদালতের আদেশে যোগ হয় বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।
দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার বিএনএফফের আগে ‘বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট’ নামে আরেকটি দল নিবন্ধন পেয়েছে।
গণঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশন বলেছে, দলীয় গঠনতন্ত্রে ২০২০ সালের মধ্যে ৩৩ ভাগ মহিলা সদস্যদের রাখার বিধান ও অঙ্গ সংগঠন থাকার বিষয়টি বিয়োজন করে সংশোধিত গঠনতন্ত্র নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা হয়নি।
দলীয় প্যাডে ব্যাংকের নাম ও ঠিকানাসহ দলের নামে অ্যাকাউন্ট নম্বর, সর্বশেষ স্থিতি ও দলের তহবিলের উৎসের বিররণও দলটি দেয়নি।
গত ৭ অগাস্ট দলটিকে এই জবাব দেয় নির্বাচন কমিশন।
২০১১ সালের ২৮ ডিসেম্বর গণঅধিকার পার্টি গঠন করা হয়। বর্তমানে দলটির ৩৯টি জেলা কমিটি, ১৬২টি থানা/উপজেলা কমিটির রয়েছে বলে দাবি করেন এর সভাপতি মো. হোসেন মোল্লা।
তিনি বলেন, “আমরা নিবন্ধনে উল্লেখিত সব শর্ত পূরণ করেছি। কিন্তু এরপরও আমাদেরকে নিবন্ধন দেয়া হয়নি। গঠনতন্ত্র সংশোধনে আমাদেরকে ১৫ দিন সময় দেয়া হয়েছে। কাউন্সিল ডেকে এতো অল্প সময়ের মধ্যে গঠনতন্ত্র সংশোধন করা সম্ভব নয়।
