নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে চিকিৎসকের মৃত্যু
নারায়ণগঞ্জে রেল লাইনের ওপর দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় পেছন দিক থেকে আসা ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
রেল পুলিশের এএসআই আব্দুল কুদ্দুস জানান, সোমবার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরফুদ্দিন আহমেদ (৭০) শহরের জামতলা এলাকার বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএসআই সরফুদ্দিন জানান, সকালে স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ওই বৃদ্ধ মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত রেল লাইনে উঠে যান। পেছন দিক থেকে আসা ইঞ্জিনের ধাক্কায় ঘটনস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে শাহরিয়ার আহম্মেদ শুভ জানান, প্রতিদিনের মতোই সকালে হাঁটতে বেরিয়েছিলেন তার বাবা।
সরফুদ্দিন আহমেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এএসআই কুদ্দুস জানান।
