রাজশাহীতে অপহৃত ছাত্রলীগ নেতা উদ্ধার
অপহরণের একদিন পর রাজশাহী জেলা ছাত্রলীগের সহসভাপতি সুলতান আহমেদকে (২৮) উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে পুঠিয়া উপজেলার কাজিপুর থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহরণে জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
এরা হলেন- পুঠিয়ার কাজিপুর গ্রামের প্রয়াত আব্দুল আজিজের ছেলে আয়নাল হোসেন (৪০) ও চারঘাট উপজেলার প্রয়াত কোরবান আলীর ছেলে মাইদুল ইসলাম (৩৫)।
সুলতানের বড় ভাই রেজাউল করীম বলেন, শনিবার রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে নিজবাড়ি বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামে যাওয়ার পথে নগরীর উপকণ্ঠ কাপাশিয়া বাজার এলাকায় পৌঁছালে ৮/১০ জন সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে।
এরপর কাজিপুর এলাকায় একটি ঘরে তাকে আটকে রেখে পরিবারের কাছে মোবাইল ফোনে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
পুঠিয়া থানার ওসি আবু ওবাইদা খান জানান, সুলতানকে উদ্ধারের জন্য রোববার সকাল থেকে পুঠিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
বিকালে বেলপুকুর এলাকার কাজিপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
