এ্যাপোলোর বিরুদ্ধে ঝন্টুর অভিযোগ তদন্তে কমিটি
এ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে রংপুর সিটি করপোরেশনের মেয়য়ের অভিযোগ তদন্তে কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
চিকিৎসায় অবহেলার অভিযোগে রাজধানীর এ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গত ৬ নভেম্বর রংপুরের যুগ্ম জেলা জজ আদালত-১ এ মামলা করেন মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
দুই সদস্যের তদন্ত কমিটির প্রধান হলেন রংপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম গোলাম রউফ। অপর সদস্য হলেন একই বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মোহাম্মদ ইউনুস।
কমিটির প্রধান ডা. একেএম গোলাম রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শাহ্ নেওয়াজ স্বাক্ষরিত চিঠি পেয়েছি। ২/১ দিনের মধ্যে তদন্ত কাজ শুরু করব।”
অধিদপ্তর কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে বলেও তিনি জানান।
এ্যাপোলো হাসপাতালের অর্থপেডিক্স কনসালটেন্ট ডা. নন্দ কুমার, মহাব্যবস্থাপক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে আসামি করে করা এ মামলায় বলা হয়, গত ২৮ জুলাই রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মেয়র ঝন্টু।
উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জের অভিসিনা হাসপাতাল থেকে এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।
এ হাসপাতালের অর্থপেডিক্স কনসালটেন্ট ডা. নন্দ কুমারের তত্ত্বাবধানে ১৯ দিন চিকিৎসা নেন তিনি। এতে তাকে ১৪ লাখ ৫৪ হাজার টাকা বিল দিতে হয়।
সংশ্লিষ্ট চিকিৎসক তাকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়ে বাসায় পাঠিয়ে দেন।
কিছুদিন পর মেয়র ঝন্টু তার ডান হাতের প্রচণ্ড ব্যাথা অনুভব করলে আরও দুবার পরীক্ষা নিরীক্ষার জন্য এ্যাপোলো হাসপাতালে যান।
ডা. নন্দ তাকে জানান কোনো সমস্যা নেই।
ব্যথা বেড়ে যাওয়ায় গত ২৩ সেপ্টেম্বর তিনি রংপুরের গুড হেলথ হাসপাতালে পরীক্ষা করান।
এ হাসপাতালের চিকিৎসক ও রংপুর মেডিকেল কলেজের অর্থপেডিক্সের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম এক্স-রে করে মেয়র ঝন্টুকে জানান, তার ডান হাত ভাঙাই রয়েছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে এ্যাপোলোর বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা দেন এবং ১ অক্টোবর উকিল নোটিশ পাঠান মেয়র ঝন্টু।
