২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে মাদকাসক্তের হামলা, শিক্ষকসহ আহত ১০

কিশোরগঞ্জ শহরে একটি কিন্ডারগার্টেনে মাদকাসক্ত যুবকের হামলায় তিন শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার সকাল ১১টার দিকে শহরের উকিলপাড়ায় শাহীন স্কুল অ্যান্ড কোচিং সেন্টারে ক্লাস চলাকালে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তানভীর হোসেন রাজন (৩০)। ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

হামলায় আহত তিন শিক্ষককে  জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সাত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত শিক্ষিকা রিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তিনি নার্সারি শ্রেণিতে ক্লাস নেয়ার সময় রাজন ভেতরে ঢুকে তার মাথায় দা দিয়ে কোপ দেন।

তিনিসহ আতঙ্কিত শিক্ষার্থীদের চিৎকারে অন্য শিক্ষক-শিক্ষার্থীরা ছুটে এলে শিক্ষিকা শায়লা নাসরীন ও শিক্ষক শাহিরুল ইসলামকে কুপিয়ে আহত করেন তিনি। প্রাণভয়ে পালানোর সময় কয়েকজন শিশুকেও মারধর করেন।

এলাকাবাসী জানান, রাজন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার বাবার তিন তলা ভবনের নিচতলা ও দোতলায় কিন্ডারগার্টেনটি অবস্থিত। ওই ভবনেরই তৃতীয় তলায় মা-বাবার সঙ্গে থাকেন রাজন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই যুবক সম্ভবত মাদকাসক্ত অবস্থায় ওই হামলা চালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।