২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় মাস রাজপথ পাহারা দিতে হবে: খসরু

‘সর্বদলীয়’ সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 11:02 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

শুক্রবার বিকালে চট্টগ্রামে দলীয় কার্যালয়ের পাশে নুর আহমদ সড়কে এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

যারা নির্বাচনে যাবে তাদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, “আগামী ৪৫ দিন প্রত্যেক এলাকায় নেতাকর্মীদের সৈনিকের ভূমিকা পালন করতে হবে। রাজপথ পাহারা দিতে হবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“যারা একদলীয় নির্বাচনে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাদের প্রতিহত করা হবে।”

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি খসরু বলেন, “যারা মনোনয়ন নিয়ে এলাকায় আসবে তাদের বিরুদ্ধে একরকম ব্যবস্থা। নির্বাচনে সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আরেক রকম ব্যবস্থা।

“আর যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী অবৈধ নির্বাচনে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে অন্য রকম ব্যবস্থা নেয়া হবে।”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে হটাতে হবে। নির্বাচন প্রতিহত করতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

“নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না।”

নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে লাগাতার হরতাল কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ার দেন তিনি।

সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “যারা বঙ্গভবনে গিয়ে সর্বদলীয় সরকারের দায়িত্ব গ্রহণ করেছে এলাকায় গেলে তাদের প্রতিহত করা হবে।”

নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের পরিচালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, জামায়াতে ইসলামীর নেতা এহসান উল্লাহ, বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীম, এ এম নাজিম উদ্দিন, সামশুল আলম, আবু সুফিয়ান, এম এ সবুর, আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য দেন।