বাংলাদেশ কৃষক সমিতিতে নতুন কমিটি
নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ কৃষক সমিতির দ্বাদশ জাতীয় সম্মেলন।
শুক্রবার বিকালে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হলে ৫৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়, যারা আগামী চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটিতে মোর্শেদ আলীকে সভাপতি ও কাজী সাজ্জাদ জহির চন্দনকে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদ হোসেন খান।
এছাড়া সভাপতিমণ্ডলী পদে নয়জন নির্বাচিত হয়েছেন। এরা হলেন এসএম সবুর, শাহ আলম, নূরুল রহমান, লিনা চক্রবর্তী, আজহারুল ইসলাম, আলতাফ হোসেন, কাজী সোহরাব, সিরাজউদ্দিন বাদশা ও বিপ্লব চাকী।
সম্পাদকমণ্ডলীতে ছয়জন নির্বাচিত হয়েছেন। এরা হলেন সুকান্ত চৌধুরী, রোমান হায়দার, আবিদ হোসেন, কানন আরা, ননী গোপাল সাহা ও নিমাই গাঙ্গুলী।
সম্মেলনের দ্বিতীয় দিনে বেলা সাড়ে ১০টায় কবি জসীমউদ্দীন হলে কাউন্সিল অধিবেশন শুরু হয়। বিকেল সাড়ে তিনটায় শুরু হয় নির্বাচনী অধিবেশন।
এর আগে বৃহস্পতিবার শহরের অম্বিকা ময়দানে সমিতির দুইদিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়।
সম্মেলনে ২৩ দফা ঘোষণাপত্রও পাস করা হয়।
এর মধ্যে রয়েছে- ধান, পাট, আলুসহ সব কৃষি পণ্যের লাভজনক দাম মৌসুমের শুরুতে নির্ধারণ করা; অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে কৃষি পণ্য কেনা; পাটের মণ তিন হাজার টাকা নির্ধারণ; সার, বীজ, ডিজেল, কীটনাশকসহ কৃষি উৎপাদনের উপকরণগুলোর দাম কমানো।
