চট্টগ্রামে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ২০ জন।
শুক্রবার সকালে আনোয়ারার চাতারি চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনায় নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আনোয়ারা থানার ওসি হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঁশখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি চৌমুহনী পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আহত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর এক জনের মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক। তবে এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।”
