ব্যারিস্টার ফখরুল কারাগারে, রিমান্ড শুনানি ২৪ নভেম্বর
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আবেদন জানিয়েছে। সে বিষয়ে শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী।
বুধবার সেগুন বাগিচায় পাইওনিয়ার রোডে নিজের চেম্বার থেকে গ্রেপ্তার আইনজীবী ফখরুলকে বৃহস্পতিবার ঢাকার আদালতে হাজির করে পুলিশ।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিন হেফাজতে চেয়ে আবেদন করেছেন। তবে মামলার প্রয়োজনীয় কাগজপত্র (কেইস ডকেট) না পেয়ে এবং ফখরুলের অসুস্থতার জন্য এর শুনানি পিছিয়ে দেয়া হয়।
গত ১০ অক্টোবর ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী এবং ১৩ অক্টোবর ট্রাইব্যুনালের সাঁটলিপিকার ফারুক হোসেন বিচারকের কাছে দেয়া স্বীকারোক্তিতে ফখরুলকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ওই দুজন বলেছেন, ফখরুলের পরিকল্পনায় তার সহকারী মেহেদী হাসান পেনড্রাইভের মাধ্যমে রায়ের খসড়া কপি নিয়ে তা ওয়েবসাইটে প্রকাশ করে।
গণমাধ্যমে তাদের স্বীকারোক্তি প্রকাশের পর ফখরুল হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেও বিফল হন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আদালত। তবে রায়ের আগেই বিএনপি নেতার স্ত্রী ও তার পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালের সামনে ওয়েবসাইট থেকে সংগৃহীত ‘রায়ের কপি’ সংবাদকর্মীদের দেখান।
এরপর তুমুল আলোচনার মধ্যে ট্রাইব্যুনাল স্বীকার করে রায়ের খসড়া ফাঁস হয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ধারায় শাহবাগ থানায় মামলা করেন।
মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে ফারুক ও নয়ন বর্তমানে কারাগারে রয়েছেন। অন্য আসামি ফখরুলের সহকারী মেহেদী এখনো পলাতক।
