টেকনাফে ইয়াবাসহ ইউপি সদস্য আটক
কক্সবাজারের টেকনাফে ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বুধবার ভোর ৫ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন-সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য সৈয়দ হোসন (৪৫) এবং তার ভাতিজা মোহাম্মদ আলমগীর (২৫)।তারা নাজির পাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মহিউদ্দিন জানান, এক হাজার একশ’ ইয়াবা ট্যাবলেটসহ এ দুজনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়ের করে আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
