দিনাজপুরে পিএসসির প্রশ্নপত্র ‘ফাঁস’, আটক ১
দিনাজপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) প্রথম দিনে দিনাজপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একটি কোচিং সেন্টারের পরিচালককে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে শহরের মাসুদ কোচিং সেন্টার থেকে এর পরিচালক মাসুদ রানাকে আটক করা হয়। মাসুদ শহরের উত্তর বালুবাড়ি মহল্লার শেখ আহসান আলীর ছেলে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সকালে পরীক্ষা শুরুর আগে ওই পরীক্ষার প্রশ্নপত্র মাসুদের মোবাইল ফোনে ম্যাসেজ আকারে আসে।
পুলিশ গোপন সংবাদ পেয়ে তার কোচিং সেন্টারে অভিযান চালায়।
মাসুদের মোবাইল ফোনে এসএমএসে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের শতভাগ মিল রয়েছে বলে ওসি জানান।
ওসি আরো বলেন, সকালে মাসুদের কোচিং সেন্টারের শিক্ষার্থীদের তিনি (মাসুদ) প্রশ্নগুলো হাতে লিখে সরবরাহ করেছেন।
মাসুদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও তিনি জানান।
