বাকি না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
বাকিতে চাল বিক্রি না করায় নড়াইলে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে লোহাগড়া উপজেলার বড়দিয়া বাজারে এ হামলায় আহত ভব দাসকে (৪০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বুধবার সকাল থেকে বড়দিয়া বাজারের সকল দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
বড়দিয়া বাজার সমিতির সভাপতি আব্দুল মতিন খান পেন্টু জানান, মঙ্গলপুর গ্রামের ধলা (৪০) মঙ্গলবার রাতে ব্যবসায়ী ভব দাসের দোকান থেকে বাকিতে চাল কিনতে যায়। বাকিতে চাল বিক্রি না করায় ধলা এবং কালাসহ কয়েকজন তাকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা উদ্ধার করে ভব দাসকে হাসপাতালে পাঠান বলে জানান তিনি।
নড়াগাতি থানার ওসি আমির তৈমুর ইলি জানান, ঘটনাটি লোহাগড়া থানায় হলেও খবর পেয়ে এ থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে লোহাগড়া থানার ওসি আলমগীর শেখ বলেন, এ ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
