২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল বন্ধ ৩ ঘণ্টা

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর খুলনা- ঈশ্বরদী রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 10:46 AM

Updated : 25 Apr 2022, 07:33 PM

মিরপুর স্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানান, বুধবার ভোর ৬টার দিকে মিরপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী ট্রাকটি রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ঈশ্বরদীগামী মালবাহী ট্রেনটির সামনে পড়ে যায়। এ সময় সংঘর্ষে ট্রাকটি রাস্তা থেকে বেরিয়ে রেল লাইনের ওপর কাত হয়ে আটকে থাকে। ফলে খুলনা- ঈশ্বরদী রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

ট্রাকটি সরিয়ে নেয়ার পর সকাল ৯টার দিকে ওই লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে স্টেশন মাস্টার জানান। 

ঘটনাস্থল পরিদর্শন করে মিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান বলেন, “সেখানে কোনো গেইটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

সংঘর্ষে ট্রাকের চালক ও তার সহকারী আহত হলেও দুর্ঘটনার পরপরই তারা পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্টেশন মাস্টার ইসমাইল বলেন, “দুর্ঘটনার জন্য গেইটম্যান সানাউল্লাহ দায়ী হয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।”

সংঘর্ষের পর খুলানা থেকে সৈয়দপুরগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ সকাল সোয়া ৭টা থেকে পোড়াদহ স্টেশনে আটকে ছিল। লাইন খোলার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।