২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীদের পদে থাকার বৈধতা নিয়ে রিটের শুনানি ফের সোমবার

পদত্যাগপত্র দেয়ার পরও মন্ত্রীদের দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের তিনটি রিট আবেদনের পরবর্তী শুনানি হবে আগামী সোমবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই তারিখ ঠিক করে দেন।

একটি রিটের আবেদনকারী তুহিন মালিকের পক্ষে এদিন শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন জানালে বিচারক শুনানির দিন রাখেন।

একই বিষয়ে ইউনুস আলী আকন্দ ও আব্দুল্লাহ আল বাকীর দুটি আবেদনও শুনানির জন্য এ আদালতে এসেছে। তারাও মঙ্গলবার শুনানিতে অংশ নেন।

এর বাইরে মন্ত্রিপরিষদের পক্ষে বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ব্যারিস্টার এম আমীর উল ইসলাম এদিন আদালতে ছিলেন।

মন্ত্রী ও তাদের কাজে সহায়তাকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কেন সংবিধান লংঘন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছে তুহিন মালিকের আবেদনে।

রোববার এই রিট আবেদন দায়ের করা হয়। বাকি দুটি আবেদন করা হয় গত শনিবার।

অন্যদিকে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র দেয়ার পরও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব পালন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছে ইউনুস আলীর আবেদনে।

ওই পদে তাদের দায়িত্ব পালন না করতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতেও আদেশ চাওয়া হয়েছে।

মন্ত্রিসভার সদস্যরা গত সোমবার প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দেন, যার মধ্য দিয়ে নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনে মন্ত্রিসভার পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়।

এরপর সোমবার নির্বাচনকালীন সরকারের আটজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।