২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীদের পদে থাকার বৈধতা নিয়ে রিটের শুনানি মঙ্গলবার

‘পদত্যাগের’ পরও মন্ত্রীদের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা তিন রিট আবেদনের পরবর্তী শুনানি মঙ্গলবার হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 11:43 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

একটি আবেদনে আইনজীবীর বক্তব্য শোনার পর সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই শুনানির এই সময় রাখে।

আবেদনকারী তুহিন মালিকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ বিষয়ে ইউনুস আলী আকন্দ ও আব্দুল্লাহ আল বাকীর দুটি আবেদনও ওই আদালতে শুনানির জন্য দেয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়া মন্ত্রিপরিষদের পক্ষে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে ব্যারিস্টার এম আমীর উল ইসলাম উপস্থিত ছিলেন।

শুনানিতে রুহুল কুদ্দুস কাজল বলেন, “পদত্যাগের পূর্বে মন্ত্রীদের কাজ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর নিকট জমা দেয়ার পর তারা আর কাজ করতে পারেন না।

“করলে সেটা অসাংবিধানিক হয়। এ সংক্রান্ত বিধানে কোনো অস্পষ্টতা নেই। সংবিধানের ওই অনুচ্ছেদের দ্বিতীয় কোন অর্থ বের করারও সুযোগ নেই।”

এই আবেদনে মন্ত্রী ও তাদের কাজে সহায়তাকারী সরকারি কর্মকর্তাদের সংবিধান লংঘনের দায়ে কেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হবে না, মর্মে রুল চাওয়া হয়েছে।

রোববার এই রিট আবেদন দায়ের করা হয়। অন্য আবেদন দায়ের হয় গত শনিবার।

অন্যদিকে ইউনুস আলীর রিট আবেদনে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র দেয়ার পরও মন্ত্রী-প্রতিমন্ত্রী পদে তাদের দায়িত্ব পালন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছে।

একইসঙ্গে ওই পদে তাদের দায়িত্ব পালন না করতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতেও আদেশ চাওয়া হয়েছে।

মন্ত্রিসভার সদস্যরা গত সোমবার প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দেন, যার মধ্য দিয়ে নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনে মন্ত্রিসভার পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়।

এরপর সোমবার নির্বাচনকালীন সরকারের আটজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন।