২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় হরতালে ভাংচুর, বোমাবাজি

ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেপ্তারের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের আধাবেলা হরতালে বিক্ষিপ্ত বোমাবাজি ও ভাংচুর হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 08:32 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলাকালে পুলিশ ও পিকেটারদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পিকেটিং করার সময় পলাশবাড়ী উপজেলা থেকে পলাশ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা শহরের ডিবি রোডের  হরতাল সমর্থকরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। এরপর হরতালের সমর্থনে একটি মিছিল বের করে তারা।

পুলিশ মিছিলে বাধা দিলে হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চন্দ্র জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস ও এক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, পলাশবাড়িতে টহলরত পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, ড্রিমল্যান্ড এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের ৮টি গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা।

সকাল সাড়ে ১০টায় সদরের হাসপাতাল এলাকায় পিকেটিং করার সময় ছাত্রদলকর্মী পলাশকে আটক করলে পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ সময় হরতালকারীরা হাসপাতাল ফটকের সামনে দুটি ককটেল ফাটায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে ওসি জানান।