২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ২

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরে নারী শ্রমিককে এক কর্মকর্তার মারধরের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই শ্রমিক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত হয় অর্ধশতাধিক।

সাভার প্রতিনিধি

গাজীপুর/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 08:04 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পুরনো খবর:

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, সংঘর্ষে আহত শতাধিক

তবে, পুলিশের দাবি- হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে কাশিমপুর শিল্পাঞ্চলের সারদাগঞ্জে জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাদশা মিয়া (২৫) ও রুমা। বাদশা ফরিদপুরের কোতোয়ালি থানার চরমাগদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। রুমার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ন্যূনতম বেতন আট হাজার টাকা নির্ধারণ, শ্রমিককে মারধরসহ কয়েকটি ঘটনায় কয়েকদিন ধরে গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। এতে কাশিমপুর ও কোণাবাড়ীর অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

সোমবারও আউচপাড়া ও সাতাইশ এলাকায় অন্তত ১৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

কারখানার স্যাম্পল ম্যান বাচ্চু মিয়া জানান, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সুইং সেকশনের এক নারী কর্মীকে কারখানার এক উৎপাদক ব্যবস্থাপক মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ ও ভাংচুর করে।

পরে কর্তৃপক্ষ কারখানার গেইট খুলে দিলে কারখানার ১০ হাজারের বেশি শ্রমিক বের হয়ে বিক্ষোভ করতে থাকে।

এ সময় পুলিশ বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

এ সময় শ্রমিকরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ, সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং আশপাশে ব্যাপক ভাংচুর করে।

এক পর্যায়ে পুলিশ ও আনসার সদস্যরা গুলি ছুড়লে ওই কারখানার শ্রমিক বাদশা মিয়াসহ অর্ধ শতাধিক আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ বাদশা মিয়াসহ ১৬ জনকে সাভার এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ বিভাগের পরিচালক জাহিদুর রহমান জানান, গুলিবিদ্ধ বাদশা মিয়া ও রুমাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাথায় ও চোখে গুলিবিদ্ধ ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নয় জন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম ও জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, কারখানা থেকে শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হওয়ার সময় কয়েকজন শ্রমিক কারখানার দেয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়।

তবে, ওই সময় কোনো গোলাগুলির ঘটনা ঘটেছে কি না তা তাদের কেউই নিশ্চিত করে বলতে পারেননি।