২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতেও শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি

ন্যূনতম বেতন আট হাজার টাকার দাবিতে সোমবারও টঙ্গীতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 07:52 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার টঙ্গীর আউচপাড়া ও সাতাইশ এলাকায় বিক্ষোভের পর ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এদিকে গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সোমবার থেকে কোণাবাড়ী, কাশিমপুরসহ কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

ন্যূনতম বেতন আট হাজার টাকা নির্ধারণ, শ্রমিককে মারধরসহ কয়েকটি ঘটনায় কয়েকদিন ধরে গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। এতে কাশিমপুর ও কোণাবাড়ীর অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

শ্রমিক, পুলিশ, প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টায় আউচপাড়া ও সাতাইশ এলাকায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। 

আউচপাড়ার পার্ল প্রিন্স কারখানার শ্রমিকরা ন্যূনতম বেতন আট হাজার টাকার দাবিতে কর্মবিরতি শুরু করলে কতৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকরা চেরাগ আলী-দেওড়া সড়কে বিক্ষোভ মিছিল করে।

এ সময় একই সড়কে অবস্থিত সিনকি গার্মেন্টস লিমিটেড, ডাল নিটওয়্যার, বিল্লাহ গার্মেন্টসসহ অন্তত ১০টি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সিনকি গার্মেন্টসের শ্রমিকরা ১১টায় সামনের চেরাগ আলী-দেওড়া সড়ক অবরোধ করে।

একই দাবিতে সাতাইশ এলাকার মাসকো কটন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

এরপর প্রায় ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও টঙ্গী থানা পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

বিজিবি মোতায়েন

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব কুমার রায় জানান, সকাল সাড়ে ৬টা থেকে কোণাবাড়ী বিসিক, কাশিমপুর, জরুন রোড ও আশপাশের এলাকাগুলোতে তিন প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। পাশাপাশি ওইসব এলাকায় শিল্প ও জেলা পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি বলেন, সকাল ৯টার দিকে কাশিমপুর-কোণাবাড়ি সড়কে কিছু শ্রমিক গাছের গুড়ি ফেলে ফেলে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, সাপ্তাহিক ছুটি ছাড়াও রোববারের সহিংস ঘটনার পর কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার শতকরা ৯০ ভাগ কারখানা সোমবারের জন্য ছুটি দেয়া হয়।

কোণাবাড়ী বাজারের ফল ব্যবসায়া মো. মাসুদ মিয়া জানান, গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষের কারণে হামলা ও লুটপাটের ভয়ে সকাল ১০টা পর্যন্ত কোনো দোকানপাট খোলেনি। ১০টার পর থেকে ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করেন।