রোকেয়া পদক পাচ্ছেন ঝর্ণাধারা-হামিদা বানু
নারী শিক্ষা বিস্তার ও নারী অধিকার প্রতিষ্ঠাসহ গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ‘বেগম রোকেয়া পদক’ পাচ্ছেন ঝর্ণাধারা চৌধুরী ও অধ্যাপক হামিদা বানু।
জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সোমবার এই দুজনকে রোকেয়া পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত করে।
আগামী ৯ ডিসেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পদক তুলে দেয়া হবে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “নারী শিক্ষা বিস্তার, নারী অধিকার প্রতিষ্ঠা এবং গ্রাম বাংলার অসহায় ও দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ঝর্ণাধারা চৌধুরী ও অধ্যাপক হামিদা বানুকে বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।”
মহাত্মা গান্ধীর অহিংসর নীতিতে উজ্জীবিত হয়ে ঝর্ণাধারা চৌধুরী ছোটবেলা থেকেই মানবসেবায় আত্মনিয়োগ করেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়।
আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হামিদা বানু সরকারি কর্ম কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৪০ সালের ২৩ জানুয়ারি চাঁদপুর জেলায় জন্ম নেয়া এই নারীর বেশ কয়েকটি গবেষণা ও প্রবন্ধ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
