২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসে আগুন-বোমাবাজি

ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেপ্তারের পর রাজধানীর ফকিরাপুল, তোপখানা রোড, সায়েদাবাদ ও রামপুরায় অন্তত চারটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে গাড়ি ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণও ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 05:41 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে আটকের তিন দিন পর রোববার ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে গ্রেপ্তারের পরপরই গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনাগুলো ঘটে।    

অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের পরপরই ফকিরাপুলে ইউনিক পরিবহনের একটি এবং এরপর বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ইউনিক পরিবহনের বাসটি ব্যাংককর্মীদের আনা-নেয়া করত। তবে অগ্নিসংযোগের সময় এতে কোনো যাত্রী ছিল না। 

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার (পেট্রোল) ইমানুল ইসলাম জানান, ঢাকা পরিবহনের বাসটি শাহবাগের থেকে পল্টন মোড়ের  দিকে যাচ্ছিল। তোপখানার রোডের বাগদাদ হোটেলের সামনের রাস্তায় গাড়িটিতে আগুন দেয়া হয়।

প্রায় একই সময় সায়দাবাদে একটি বাসে আগুন দেয়া হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

মহানগর পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. মিনহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বলাকা পরিবহনের বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে। তবে ওই সময় বাসে কোনো যাত্রী ছিল না।

বিকাল সাড়ে ৪টার দিকে রামপুরায় একটি প্রাইভেটকারেও আগুন দেয়া হলে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা গিয়ে তা নেভায় বলে নিলুফার ইয়াসমিন জানান।

বিকাল ৫টার দিকে সবুজবাগ নন্দীপাড়ায় দুটি অটোরিকশা ও একটি প্রাইভেটকার ভাংচুর করা হয়। এসময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সবুজবাগ থানার ওসি মো. বাবুল মিয়া বলেন, ঘটনাস্থল থেকে বোতলে পেট্রোলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বিকালে রাজধানী পুরানা পল্টনের হোটেল কস্তরীর সামনের রাস্তায় ও ইত্তেফাক মোড় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

পুরনো খবর:

ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
মিরপুরে হাতবোমাসহ দুই যুবক আটক