ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক দলের দুই শীর্ষ নেতার পর এবার ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে রাজধানীর শান্তিনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান।
ঠিক কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে- তা জানাতে পারেননি তিনি।
তবে গত ১০ নভেম্বর হরতালের রাতে লক্ষীবাজারে হিউম্যান হলার পেট্রোল বোমায় পুড়িয়ে দেয়ার মামলায় হাবিবের নাম রয়েছে।
ওই ঘটনায় ছয়জন অগ্নিদগ্ধ হন, যাদের মধ্যে মণ্টু পাল (৩৫) নামে এক স্বর্ণকার পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পেট্রোল বোমা হামলার ওই ঘটনায় পুলিশ সূত্রাপুর থানায় মামলা করে। হাবিব ছাড়াও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের নাম রয়েছে।
তাদের বিরুদ্ধে নাশকতায় উস্কানি ও প্ররোচণা দেয়ার অভিযোগ এনেছে পুলিশ।
হাবিবকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে বলে মাসুদুর রহমান জানান।
এর আগে গত ১৪ নভেম্বর বাংলামোটর এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাদের পুলিশের ওপর হামলা ভাংচুরের দুই মামলায় পুলিশ রিমান্ডে পাঠায় আদালত।
