২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে হাতবোমাসহ দুই যুবক আটক

রাজধানীর মিরপুর তিনটি হাতবোমাসহ দুই যুবককে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

পল্লবী থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকার একটি বাড়ির চিলেকোঠা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন  মো. মহিউদ্দিন ও রিফাত জামান। দুজনেরই বয়স ১৮ বছর বলে পুলিশ জানিয়েছে।

লতিফ শেখ বলেন, “দুপুর ১২টার দিকে ওই এলাকার ১৯২ নম্বর বাড়ির সামনে দিয়ে থানায় যাওয়ার সময় শব্দ শুনতে পাই। পরে খোঁজ নিয়ে জানতে পারি ওটা ককটেল বিস্ফোরণের শব্দ ছিল।”

এরপর পল্লবী থানা পুলিশ চারতলা ওই বাড়ির চিলেকোঠা থেকে হাতবোমাসহ দুজনকে আটক করে বলে জানান তিনি। 

সেখানে হাতবোমা ছাড়াও জর্দার কৌটা, সাদা বারুদ ও ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া গেছে বলে লতিফ শেখ জানান।

ওসি জানান,  আটক দুজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

“যে বাড়ি থেকে দুজনকে আটক করা হয়েছে তার মালিক কর্নেল সাইফুল ইসলাম। তিনি বর্তমানে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে কর্তব্যরত আছেন।”

আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।