গাজীপুরে ২৫টি দোকানে অগ্নিসংযোগ, কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি এবং উৎপাদনের দর বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের মারধরের জেরে রোববার গাজীপুরের কাশিমপুরে ২৫টি দোকান জ্বালিয়ে দিয়েছে শ্রমিকরা।
এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার কাচ ভাংচুর করে। পরে সকাল ১১টার দিকে তাদের ধাওয়া করে সরিয়ে দেয়া হয়।
এ ঘটনার পর কাশিমপুর এলাকার অধিকাংশ কারখানা রোববারের জন্য ছুটি দেয় কর্তৃপক্ষ। শনিবারও এ এলাকায় শ্রমিক অসন্তোষের ফলে অধিকাংশ কারখানায় ছুটি ছিল।
ইসলাম কারখানার নিটিং বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মো. আইনুল আলম জানান, শনিবার সন্ধ্যায় পিসরেট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শেষে কিছু শ্রমিক স্থানীয় বালুর মাঠ এলাকায় জড়ো হয়ে কথা বলছিল।
ওই সময় স্থানীয়রা তাদের লাঠি-সোটা দিয়ে মারধর ও ধাওয়া করে সরিয়ে দেয়।
এর জেরে রোববার সকালে কুদ্দুস নগরের কাঁচাবাজার এলাকায় স্থানীয়দের ২৫টির মতো দোকানে ভাংচুর, অগ্নিসংযোগ এবং কোনাবাড়ি-কুদ্দুসনগর সড়ক অবরোধ করে।
পরে পুলিশ গিয়ে টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এর আগেই দোকানগুলো পুড়ে যায়।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর এলাকার ডেল্টা গ্রুপ, ডিবিএল গ্রুপ কটনক্লাবসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে কারখানায় গেটের বাইরে বিক্ষোভ শুরু করে।
গাজীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, যথাসময়ে গেলেও শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে অগ্নিকান্ডের স্থলে পৌঁছানো সম্ভব হয়নি।
