২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে চিকিৎসকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জে নিখোঁজের তিনদিন পর নিজ বাসস্থান থেকেই এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 03:24 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

শনিবার রাতে জেলা শহরের খরমপট্টির একটি ফ্ল্যাটে ডা. মো. শরীফুল কবীর পলাশের (৩৫) লাশ পাওয়া যায়। তিনি ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার আব্দুল কাদিরের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে জেলার করিমগঞ্জ উপজেলা সদরের ‘খান ডায়াগনস্টিক’ এর মালিক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত দুই বছর ধরে সাইফুলের প্রতিষ্ঠানে কাজ করছিলেন চিকিৎসক পলাশ।  

থাকতেন মনিরুজ্জামান মনিরের মালিকানাধীন ছয় তলা ফ্ল্যাটের পঞ্চম তলায়, যেখানে তার লাশ পাওয়া যায়।     

গত বৃহস্পতিবার থেকে পলাশের কোনো সন্ধান না পেয়ে পুলিশে খবর দেন বাড়ির মালিক মনির। শনিবার রাতে মডেল থানা পুলিশ দরজা ভেঙে পলাশের লাশ উদ্ধার করে।     

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশ সুপার লিটন বলেন, লাশের নাকে ও মুখে রক্তের দাগ রয়েছে। ঘরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো ছিল।

আনুমানিক দুদিন আগে পলাশের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন লিটন।