আদালতপাড়ার নিরাপত্তা জোরদার
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের মুদ্রা পাচার মামলার রায় ঘিরে পুরান ঢাকার আদালতপাড়া ও আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন রোববার এ মামলার রায় ঘোষণা করবেন।
সকালে জজ আদালত প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, নিয়মিত পুলিশের বাইরেও র্যাব ও গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্য আদালত এলাকায় সতর্ক অবস্থায় রয়েছেন।
লালবাগ পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আবদুস সালাম বলেন, আদালত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ প্রস্তুত।
গত কিছুদিনে বিরোধী দলের হরতালের মধ্যে আদালত এলাকায় বোমাবাজির পর গত বুধবারই ঢাকা জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, পুরনো জেলা জজ আদালত ভবন ও মুখ্য মহানগর হাকিমের আদালতসহ প্রবেশ মুখগুলোতে আর্চওয়ে বসানো হয়েছে।
আইনজীবী, সংবাদকর্মীসহ যারাই ভেতরে প্রবেশ করছেন, সবাইকে তল্লাশি করা হচ্ছে।
মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থাই জোরদার করা হয়েছে। আর রায়ের কারণে আদালত প্রাঙ্গণে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
