২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কতো রক্ত হলে তার পিপাসা মিটবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হরতালের নামে মানুষ হত্যা করছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 11:56 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

শনিবার গণভবনে চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হামলায় হতাহতদের আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, “বিরোধী দলীয় নেত্রী সন্ত্রাস ও ধ্বংসলীলা চালিয়েও খুশি নন। তিনি আরো ধ্বংস আর অরাজকতা চান। তার আরো রক্তের প্রয়োজন।

“আমি জানি না আর কতো রক্ত হলে তার পিপাসা মিটবে। আমি তার কাছে জানতে চাই তিনি আর কতো মানুষের রক্ত নেবেন।”

মানুষ হত্যায় জড়িত অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “তারা দেশের উন্নয়ন নয়, কেবল লাশ চায়। বিরোধী দল নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। শিশু থেকে শ্রমজীবী মানুষের কেউ তাদের হাত থেকে রেহাই পায়নি।”

তিনি বলেন, “অশুভ শক্তিগুলো বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায় না। তারা অতীতে খুনি ও যুদ্ধাপরাধীদের মদদ যুগিয়েছে, এখন তারা খুনি ও যুদ্ধাপরাধীদের ক্ষমতায় আনতে চায়।”

হরতালের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার ধারণা, এ ধরনের ধ্বংসাত্মক ও সহিংস কর্মকাণ্ডের জন্য জনগণ আপনাকে বাহবা দেবে। কিন্তু আমি মনে করি জনগণ এ ধরনের অরাজকতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।”

“বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা শুধু সন্ত্রাসে বিশ্বাস করে,” বলেন তিনি।

খালেদা জিয়াকে ফোন করে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, “আমি দেশ ও জনগণের স্বার্থে তাকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছিলাম। বিরোধী নেত্রী যে ভাষায় আমার আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন তা মোটেই শোভন ছিল না। এটি রাজনৈতিক ভাষা হতে পারে না। তিনি আমাকে বলেন, তিনি আমার সঙ্গে বসবেন না।”

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ একটি সন্ত্রাস ও জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছিল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামায়াত সেই কালো অধ্যায়কে পুনরায় ফিরিয়ে আনতে চায়।”

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, আগামী নির্বাচন সেভাবেই অনুষ্ঠিত হবে। আমরা গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে চাই। জনগণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অস্থায়ী সরকার দেখতে চায় না।”

হরতালের নামে যারা সহিংসতা ছড়িয়ে দিচ্ছে তাদের চিহ্নিত করতে সহায়তার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

ফটিকছড়িতে জামায়াত-হেফাজতের সহিংসতার নিন্দা জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।

এর আগে ফটিকছড়ির ওই সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২০২ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

গত ১১ এপ্রিল ফটিকছড়ি উপজেলার ভুজপুরের কাজিরহাটে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলা চালায় জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা। ওই হামলায় আওয়ামী লীগের তিন জন নিহত এবং ১০ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন।

সেদিন মিছিলে অংশ নেয়া মটরসাইকেল, জিপ, পিকআপ, পুলিশ ভ্যান ও ফায়ার সার্ভিসের ট্রাকসহ প্রায় ১০০টি গাড়িতে আগুন দেয় হামলাকারীরা।

এদিকে গণভবনে আহলে সুন্নাতুল জামাত-বাংলাদেশের নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামী সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত। তারা আন্দোলনের নামে পেট্রোল দিয়ে মানুষ হত্যা করছে।

মতবিনিময়ে অন্যদের মধ্যে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদের খতিব জালালুদ্দিন আল কাদেরি, মাইজভান্ডারি দরবার শরীফের সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি, ইসলামিক ফ্রন্টের সেক্রেটারি জেনারেল মাওলানা এমএ মতিন, চট্টগ্রামের আগ্রাবাদ দরবার শরীফের আল্লামা হাফেজ সাইফুর রহমান নিজামি, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হাফেজ মাওলানা জিয়াউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।