ফরিদপুরের জোড়া খুনের আসামি গ্রেপ্তার বরিশালে
ফরিদপুরের জোড়া খুনের মামলার চার আসামিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার গভীর রাতে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- ফরিদপুরের চরটেপা খোলা গ্রামের সুজন ব্যাপারী (২০), রিপন ব্যাপারী (৪৫), মীর মো. তানভীর রহমান খসরু (৪৬) ও মুন্সীডাঙ্গী গ্রামের মো. নজরুল ইসলাম (১৮)।
র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বলেন, চলতি বছরের ২৫ অক্টোবর নিজ ঘরে খুন হন ফরিদপুরের কোতোয়ালি থানার চরটেপা খোলা গ্রামের বৃদ্ধ দম্পতি সামসুল হক মীর মালেক (৭৫) ও নারগিস নাহার সেলিনা (৬০)।
এ ঘটনায় ২৬ অক্টোবর নিহতদের ছেলে কামরুল আহসান মাসুদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
“ঘটনাটি বর্বরোচিত ও লোমহর্ষক হওয়ায় ফরিদপুর থানা পুলিশের পাশাপাশি রহস্য উৎঘাটনের জন্য র্যাব-৮ কাজ করে।”
পরবর্তীতে র্যাব-৮ মামলাটির তদন্তভার গ্রহণ করে।
মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বরিশালের নথুল্লাবাদ এলাকায় আসামিদের অবস্থান সনাক্ত করা হয়।
