২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা

বরিশালে প্রতিপক্ষের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোকে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 08:10 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

শনিবার বিকালে চরকাউয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত আলোচনা সভায় সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক শহীদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা নগদ, ৯ হাজার টাকার চেক, ২০ কেজি চাল, তিন বান্ডিল টিন এবং একটি করে শাড়ি, লুঙ্গি ও কম্বল দেয়া হয়েছে।

সভায় বক্তার বলেন, চরকাউয়ার কালিখোলা গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে আগুন দেয়ার ঘটনা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়। প্রতিপক্ষের হামলার ঘটনায় একজন নিহত হওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয়রাও বক্তৃতা করেন।

বৃহস্পতিবার রাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে বরিশালের সদর উপজেলার চরকাউয়া কালিখোলা মাতৃ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত হয় চরআইচা গ্রামের পারভেজ।

আহত হয় নিহতের ছোট ভাই পাভেল, একই এলাকার শামিম ও জাহিরুল।

এর জের ধরে শুক্রবার সকালে চরআইচা গ্রামের কয়েকশ’ বাসিন্দা কালিখোলার ১৬টি হিন্দু সম্প্রদায়ের বসত ঘরে আগুন জ্বালিয়ে দেয়।