‘চতনা ৭১’ তিন মাসেও ‘চেতনা ৭১’ হয়নি
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভাস্কর্য ‘চেতনা ৭১’ এর নামফলক ভেঙে ‘চতনা ৭১’ করার তিন মাস পরও তা সংস্কার করা হয়নি। নেয়া হয়নি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা।
সংস্কার না হওয়ায় এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একইসঙ্গে বিষয়টিকে প্রশাসনের ‘সদিচ্ছার অভাব’ বলছেন তারা।
ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে বছরের শুরুতে একদল শিক্ষকের আন্দোলনের পর অগাস্ট মাসে ঈদ-উল-ফিতরের ছুটিতে ‘চেতনা ৭১’ এর নামফলক ভেঙে দেয় দুর্বৃত্তরা।
ঘটনার পেছনে জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির সমর্থকদের জড়িত থাকার অভিযোগ শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক স্বেচ্চাসেবী ও ক্রীড়া জোটের সাবেক আহ্বায়ক আবু বকর রাজিব বলেন, “মৌলবাদী ও পরাজিত শক্তি ভাস্কর্য ভাংচুর করার পর এতদিনেও সংস্কার না করাটা প্রমাণ করে প্রশাসনের ‘সদিচ্ছার অভাব’।”
ছাত্র ইউনিয়ন শাবি সংসদের সভাপতি গোলাম রাব্বি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না, তারাই এই কাজ করেছে। ওরা সবসময়ই আঘাত করার জন্য অন্ধকারকে বেছে নিয়েছে। এক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।”
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেয়ার এবং ভাস্কর্য সংস্কারেরর দাবি জানান গোলাম রাব্বি।
বিশ্ববিদ্যালয়ের ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের’ আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ইউনুছ বলেন, “নামফলক ভাংচুরের তিন মাসেরও বেশি সময় পার হয়েছে। এই সময়ে তা সংস্কার না হওয়া ঠিক হয়নি।
বিষয়টিকে দুঃখজনক অবিহিত করে ভাস্কর্যের সংস্কার বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলেও জানান অধ্যাপক ইউনুছ।
জানুয়ারি মাসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে আন্দোলনে নামেন একদল শিক্ষক। তারা বিশ্ববিদ্যালয়ে ‘মূর্তি’ স্থাপনের পরিবর্তে ভাস্কর্য নির্মাণের দাবি জানান।
ওই আন্দোলনের পরপরই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দুই কিলোমিটার দীর্ঘ পথচিত্র আঁকেন শিক্ষক ও শিক্ষার্থীরা, যাকে তারা পৃথিবীর দীর্ঘ আলপনা বলে দাবি করেন।
এরপর অগাস্টে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময় এক রাতে মিনি অডিটোরিয়ামের সামনে অবস্থিত ‘চেতনা ৭১’ এর নামফলকের একটি অক্ষর ভেঙে সেটিকে ‘চতনা ৭১’ বানিয়ে দেয়া হয়।
ভাস্কর্যটিতে একজন ছাত্র জাতীয় পতাকা তুলে ধরেছেন, আর তার পাশে দাঁড়ানো ছাত্রীর হাতে রয়েছে বাংলাদেশের সংবিধান।
বিশ্ববিদ্যালয় খুললে সেপ্টেম্বরের ২৪ তারিখ “শাবিতে চেতনা ৭১’র নামফলক ভাংচুর” শীর্ষক সংবাদ প্রকাশ করে অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ওইদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে আমি অত্যন্ত সচেতন বলে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ভাস্কর্য সংস্কারের জন্য প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি।”
তবে তিন মাসেও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা সংস্কারে কোনো পদক্ষেপ না নেয়ার বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
