রুয়েটে শিবির-পুলিশ সংঘর্ষ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়টির ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চলার সময় এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।
মতিহার থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে ইসলামী ছাত্রশিবিরের অন্তত ৪০/৫০ জনের একটি দল রুয়েটের শহীদ মিনার পাদদেশে অবস্থান নেয়। ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে শিবিরের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করে।
তিনি বলেন, “দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থীদের অভিভাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের মিছিল করতে নিষেধ করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।”
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে।
ওসি আব্দুল মজিদ বলেন, ঘটনাস্থলে কেউ আহত হয়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে সংঘর্ষের সময় ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলে ৬-৭ জন অভিভাবক আহত হন।
এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবিরের পাঁচ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন রুয়েট শিবিরের সভাপতি আলমগীর হাসান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুয়েট প্রশাসনের কাছে মিছিলের অনুমতি চেয়ে পাওয়া যায়নি। ক্যাম্পাসে সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ থাকলেও ছাত্রলীগ, ছাত্রদল মিছিল করছে, যা অনৈতিক।
“এর প্রতিবাদে আমরা মিছিল বের করেছি। মিছিলে পুলিশ অতর্কিতে গুলি ছুড়লে ৫ জন গুলিবিদ্ধসহ আমাদের ৯ নেতাকর্মী আহত হন,” বলেন তিনি।
রুয়েটের উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে মিছিল-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। ভর্তিচ্ছুদের মধ্যে আতঙ্ক তৈরির জন্য শিবিরের নেতাকর্মীরা জোর করে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের নিবৃত্ত করে।
বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
সকাল থেকে রুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। দশটি বিভাগের ৭২৫টি আসনের বিপরীতে ৬ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
