২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পুকুরের ইজারা নিয়ে বিরোধে নিহত ১, আহত ২

নাটোর সদরের একটি গ্রামে খাস পুকুরের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শুক্রবার রাতে উপজেলার পিপরুল কালিগঞ্জ গ্রামের এই ঘটনায় নিহত আলাউদ্দিন আলী (৭০) ওই গ্রামেরই বাসিন্দা।

উপজেলার নলডাঙ্গা থানার ওসি মনিরুল ইসলাম জানান, স্থানীয় একটি খাসপুকুর ইজারা নিয়ে আলাউদ্দিনের সঙ্গে একই গ্রামের লোকমান হোসেনের ছেলে সেলিম হোসেনের বিরোধ চলছিল। শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আলাউদ্দিনকে নিজ বাড়ির সামনে পেয়ে সেলিম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

এসময় তাকে উদ্ধার করতে এলে একই গ্রামের রাকিব হোসেন (৩৫) ও মাসুদ হোসেনকেও (৪৫) কোপান সেলিম।

স্থানীয় পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান দেব জ্যাতি দেবু বলেন, রাতেই গ্রামের স্থানীয়রা আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে তিনটায় আলাউদ্দিন মারা যান।

ওসি মনিরুল জানান, ময়না তদন্ত শেষে সকালে নিহতের লাশ বাড়িতে পৌঁছালে গ্রামে উত্তেজনা দেখা দেয়। এর পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।