২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি নিয়ে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন ও মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ি ও নাওজোর এলাকার কয়েকটি কারাখানায় শ্রমিক বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 12:54 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

পুলিশ বলেছে, নাওজোরের ডটকম সোয়েটার এবং কোনাবাড়ির কয়েকটি সোয়েটার কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা শনিবার সকালে সড়কে নেমে এলে তাদের লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ শ্রমিক আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। 

ডটকম সোয়েটার কারখানার শ্রমিকদের বৃহস্পতিবার অক্টোবরের বেতন দেয়ার কথা ছিল। কিন্তু সেদিন গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও বেতন না পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাংচুর চালায়।

শ্রমিকরা ভাংচুর শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ডটকম সোয়েটার কারখানার উৎপাদন ব্যবস্থাপক এমদাদ হোসেন জানান।

এরপর কারখানা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় বলে জানান তিনি। 

কারখানার শ্রমিক মো. জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,শনিবার কারখানায় এসে ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিস দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে শ্রমিকরা। এরপর সকাল পৌনে ৯টার দিকে বিক্ষোভ ও ভাংচুর শুরু হয়।

এক পর্যায়ে পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে শ্রমিকরা। তারা গাড়িতে ইট-পাটকেল ছোড়ে ও টায়ারে অগ্নিসংযোগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, শ্রমিকরা মহাসড়কে ভাংচুর শুরু করলে পুলিশ লাঠিপেটা করে এবং রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এদিকে ন্যূনতম মজুরি আরো বাড়ানোর দাবিতে সদরের কোনাবাড়ি এলাকায় কয়েকটি সোয়েটার কারখানার শ্রমিক সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষোভ শুরু করে।

এরপর ওই সব কারখানায় শনিবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করলে পুলিশ লাঠিপেটা করে এবং রবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষে কমপক্ষে ২৫জন শ্রমিক আহত হনবলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

বিক্ষোভ ও সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সকাল পৌনে ১১টায় মহাসড়কে আবারো যান চলাচল শুরু হয় বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের কোনাবাড়ি থানার ওসি মো. আলমগীর সরকার।