২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় খুনের ঘটনায় ৪ শিবিরকর্মী গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিবিরকর্মীদের হামলায় ছাত্রলীগ নেতা মামুন নিহত হওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 12:06 AM

Updated : 13 Oct 2022, 03:03 PM

বৃহস্পতিবার ঘটনার পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন।

এরা হলেন উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুর রশিদ (৬০), পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আনিছুর রহমান (২৮), পূর্ব বৈদ্যনাথ গ্রামের রফিকুল ইসলাম (৩২) ও স্কুলের বাজার গ্রামের শাহিন আলম মামুন (১৮)।

হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডোমেরহাট বাজারে ১০/১২ জন যুবক ছাত্রলীগ নেতা খলিলুর রহমান মামুনকে (২৫) কুপিয়ে গুরুতর আহত করে যায়। রাতে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মামুন রাবির শাহ মখদুম হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। কিছুদিন আগে প্রকাশিত পুলিশের এসআই নিয়োগ পরীক্ষায় তিনি কৃতকার্য হয়েছিলেন বলে জানায় পরিবারের সদস্যরা।

এদিকে শুক্রবার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে প্রথম জানাযা এবং পরে ডোমেরহাট বাজারপাড়া কলেজ মাঠে দ্বিতীয় জানাযা নামাজ শেষে মামুনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা শেষে উপজেলা সদরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মামুন হত্যার বিচার দাবিতে মিছিল করে।