সৌদি ফেরত যাত্রীর কাছে সোয়া দুই কেজি সোনা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সোয়া দুই কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে দেলোয়ার হোসেন নামের ওই যাত্রীর দেহ তল্লাশি করে এসব সোনা পাওয়া যায় বলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন)জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান।
তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা দেলোয়ারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। তার কাছে ১৬টি সোনার বার, কয়েকটি সোনার চেইন ও আংটি পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা আলমগীর বলেন, দেলোয়ারের পায়ের মোজা, আন্ডারওয়্যার ও মানিব্যাগে পাওয়া এসব সোনার ওজন আনুমানিক সোয়া দুই কেজি, যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
সম্প্রতি ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ‘সোনার চালান’ আটক করা হয়েছে। কখনো বিমানের টয়লেটে, কখনো যাত্রীর ব্যাগে, আবার কখনো যাত্রীর দেহ তল্লাশি করে পাওয়া যায় সোনার বার বা গয়না।
গত ১২ নভেম্বর কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৩৭ কেজি সোনা উদ্ধার করা হয়।
এর আগে গত ২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে মোট ৪১টি সোনার বার আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।
এর আগে ২৯ ও ৩০ অক্টোবর শাহজালাল থেকে আটক করা হয় আরো দুটি চালান। ২০ কেজি ওজনের প্রায় ১৬৪টি সোনার বার উদ্ধার করা হয় ওই দুই দিনে।
২২ অক্টোবর দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের টয়লেটে ২৮০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন প্রায় ৩০ কেজি।
১ অক্টোবর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দোহা থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ১৪টি সোনার বার উদ্ধার হয়। এর ঠিক এক মাস আগে ১ সেপ্টেম্বর একই বিমানবন্দরে চারটি সোনার বার ও ৪১০ গ্রাম ওজনের ৬৯টি চেইনসহ একজনকে গ্রেপ্তার করে কাস্টমস কর্তৃপক্ষ।
গত অগাস্টে শাহজালাল বিমানবন্দরে একটি স্পোর্টস ব্যাগের ভেতরে থেকে ১৮ কেজি ওজনের ১৫৬টি সোনার বার উদ্ধার হয়। এর আগে ২০ অগাস্ট কলকাতাগামী এক ভারতীয় নাগরিকের কাছে সাড়ে সাত কেজি সোনা, আই ফোন ও বিপুল পরিমাণ মেমোরি কার্ড পাওয়া যায়।
২৪ জুলাই নেপাল থেকে আসা বিমানের একটি ফ্লাইটে ১২৪ কেজি সোনার বার পাওয়া যায় শাহজালাল বিমানবন্দরে। তার কয়েকদিন আগেই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছে পাওয়া যায় প্রায় ১৭ কেজি ওজনের ১৪৬টি সোনার বার।
আর গত ৬ জুলাই ঢাকায় কুয়েত থেকে আসা একটি বিমানে প্রায় ২৫ কেজি সোনার বার পাওয়া যায়।
