২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা নিয়ে বিরোধে নিহত ১, হিন্দুপাড়ায় আগুন

বরিশালে খেলা নিয়ে বিরোধের জেরে একজন নিহত হওয়ার পর হিন্দু পাড়ার ১৬টি বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 05:55 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

শুক্রবার সদর উপজেলার চরকাউয়ার কালিখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বরিশালের পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে কালিখোলা মাতৃ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলা নিয়ে স্থানীয় কয়েকজন হিন্দু যুবকের সঙ্গে পাশের চরআইচা গ্রামের একদল যুবকের সংঘর্ষ হয়।

ওই ঘটনায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন চরআইচা গ্রামের সেলিম গাজীর ছেলে পারভেজ। আহত হন তার ছোট ভাই পাভেল, একই এলাকার শামিম (২২) ও জাহিরুল (১৬)। রাতেই জাহিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জাহিরুলের মৃত্যু হয়েছে বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়লে চরআইচা গ্রামের সহস্রাধিক মানুষ কালিখোলায় হিন্দু সম্প্রদায়ের ১৬টি বসত ঘরে আগুন দেয়।

পরে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশালের জেলা প্রশাসক শহীদুল আলম ও কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের মামা আজাদ গাজী জানান, আগে ক্রিকেট খেলা নিয়ে পারভেজের ছোট ভাই পাভেলের সঙ্গে পাশের হিন্দুপাড়া কালিখোলার ধীমান ও পীযুষসহ কয়েকজনের বিরোধ ছিল।

বৃহস্পতিবার রাতে স্কুল মাঠে ব্যাডমিন্টন খেলা নিয়ে আবার তর্ক শুরু হলে এক পর্যায়ে পাভেলকে পিটিয়ে আহত করে তারা।

খবর পেয়ে পারভেজ, জাহিরুল ও শামিম ছুটে গেলে তাদের সঙ্গে ধীমান ও পীযুষসহ ১০/১২ জনের সংঘর্ষ বাঁধে। এর এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয় পারভেজ।

এদিকে পারভেজ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ কমিশনার জানান।

জেলা প্রশাসক জানান, এই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) আবুল কালাম আজাদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে ৩০ কেজি চাল ও নগদ পাঁচ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।

এছাড়া নতুন ঘর তোলার জন্য প্রত্যেক পরিবারকে তিন বান্ডিল করে ঢেউটিন এবং তিন হাজার টাকা দেয়া হবে বলে জানান তিনি।