শনিবার স্থানীয় সরকার বিভাগের সব কার্যালয় খোলা
হরতালে কার্যক্রম বিঘ্নিও হওয়ার প্রেক্ষাপটে সাপ্তাহিক ছুটির দিন আগামী শনিবার অধীনস্ত সব কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তর স্থানীয় সরকার বিভাগ।
জনস্বার্থে দৈনন্দিন কর্মকাণ্ড গতিশীল করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়।
ওই দিন স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের অধীন সব দপ্তর,সংস্থা,প্রতিষ্ঠান,জেলা পরিষদ,উপজেলা পরিষদ,পৌরসভা,ইউনিয়ন পরিষদ অফিস সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।
নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের হরতালের কারণে অনেকের পক্ষেই গত তিন সপ্তাহে বিভিন্ন দাপ্তরিক কাজ করা সম্ভবপর হয়নি। গত তিন সপ্তাহে ১০ দিন হরতাল ছিল।
