চট্টগ্রামে যুবদল নেতা গ্রেপ্তারের প্রতিবাদ
চট্টগ্রামে গ্রেপ্তার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হাশেম বক্করের গ্রেপ্তারের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়সংলগ্ন নুর মোহাম্মদ সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নগর বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নেতাকর্মীদের গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না। আবুল হাশেম বক্কর চট্টগ্রামে আন্দোলনের অন্যতম সেনানী। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
“প্রশাসনের সঙ্গে আপোষ করে কোনো রাজনীতি হবে না। প্রত্যেক নেতাকর্মীকে সৈনিকের ভূমিকায় অবর্তীণ হতে হবে। আন্দোলনের তীব্রতা আরো বাড়িয়ে নির্দলীয় সরকারের দাবি আদায় করা হবে।”
নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামী, নগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান ও এম এ সবুর।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নাশকতার অভিযোগে বুধবার সকালে নগরীর এনায়েত বাজার এলাকা থেকে কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি আবুল হাশেম বক্করকে গ্রেপ্তার করে র্যাব।
প্রতিবাদে রোববার চট্টগ্রাম নগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে নগর বিএনপি।
