রাঙ্গুনিয়ায় ছাত্রদল-শিবিরের হামলায় আ. লীগ নেতা আহত
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলা চালিয়েছে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের কর্মীরা।
বিরোধী দলের হরতালের মধ্যে বুধবার বিকাল ৩টায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
এতে মাথা ফেটেছে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল আলমের (৪৫)। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল (৪০)।
আহত দুই নেতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালিউল্লাহ অলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে লালানগরের আলম শাহ মাদ্রাসায় দাওয়াত খেতে যান শামসুল ও বাবুল।
“সেখান থেকে ফেরার পথে ছাত্রশিবির ও ছাত্রদলের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।”
হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।
