দুদক আইন সংশোধনে জাপান-জার্মানির উদ্বেগ
সরকারি কর্মকতাদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে অনুমতি নেয়ার বিধান যোগ করে দুদক আইন সংশোধনে উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা ও জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কোনসে।
বুধবার দুজনেই দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে যান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
জার্মান রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন,“ দুদক বেশকিছু দিন ধরে স্বাধীনভাবে কাজ করে আসছে। নতুন এ আইনের ফলে দুদকের এই স্বাধীনতা অক্ষুণ্ন থাকবে কি না, তা নিয়ে আমরা চিন্তিত। কমিশনের সঙ্গে এ প্রসঙ্গেই আজ আলোচনা হয়েছে।”
দুদক কমিশনার এম সাহাবুদ্দিন চুপ্পু সাংবাদিকদের বলেন,“আইনের সংশোধনী প্রসঙ্গে আমাদের সাথে তারা আলোচনা করতে এসেছিলেন। আমরা বিষয়টি তাদের অবহিত করেছি।”
তবে কমিশনের কী সিদ্ধান্ত, তা জানাননি তিনি।
রোববার দুদক আইনের সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান বলেন, এর ফলে প্রতিষ্ঠানটির ক্ষমতা খর্ব হয়েছে।
