২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাপ্পি হত্যার আসামি শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় ছাত্রলীগ নেতা বাপ্পি হত্যা মামলার আসামি এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 07:23 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

গ্রেপ্তার আরিফুল ইসলাম (২৫) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে লোহাগাড়া থানার থানার ওসি মো. শাহজাহান জানান।

বুধবার বিকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার সুখছড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “আরিফের বিরুদ্ধে পুলিশ হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।”

যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায় ঘোষণার পর গত ২৮ ফেব্রুয়ারি লোহাগাড়ায় জামায়াত-শিবিরের তাণ্ডব, পুলিশের ওপর হামলা এবং হত্যাসহ বিভিন্ন ঘটনায় এসব মামলা করা হয়।

গত ১১ নভেম্বর রাতে আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় লোহাগাড়া বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বাপ্পিকে কুপিয়ে হত্যা করে শিবির কর্মীরা।

ওই ঘটনায় বাপ্পির মা বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন, যাতে আরিফের নামও রয়েছে।