২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হরতালকারীদের সমাবেশে ‘আ. লীগের’ হামলা 

বগুড়ার ধুনটে হরতাল সমর্থকদের সমাবেশে হামলার অভিযোগ ‍উঠেছে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বুধবার শহরের কলাপট্টি এলাকায় এ হামলায় সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

ধুনট থানার ওসি মোবারক হোসেন বলেন, হরতাল সমর্থকদের সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ কয়েকজন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে বিএনপি দলীয় সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল শহরে প্রবেশ করে। কলাপট্টি এলাকায় পুলিশ মিছিলে বাধা দিলে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় আওয়ামী লীগ সমর্থকরা শহরের চারমাথা এলাকায় অবস্থান নেয়।

এতে উত্তেজনা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, ওসি মোবারক হোসেন এবং পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।

এক পর্যায়ে গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য শুরু করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা পুলিশের বাঁধা উপেক্ষা করে হরতাল সমর্থকদের সমাবেশে হামলা চালায়।

সমাবেশে ব্যবহৃত মাইক ও একটি দোকানের সাইনবোর্ড ভাংচুর করে তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

হামলাকারীদের নিক্ষেপ করা ইটপাটকেলের আঘাতে গোলাম মোহাম্মদ সিরাজ, এসআই হযরত আলীসহ ১৫ জন আহত হয়।

ওই ঘটনার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা শহরে হরতাল বিরোধী লাঠি মিছিল বের করে।

জিএম সিরাজ বলেন, শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে আমিসহ পুলিশ, সাংবাদিক ও দলীয় নেতাকর্মী আহত হয়েছে।

ধুনট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এফ এম ফজলুল হক বলেন, বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করেছে। আমরা হরতাল বিরোধী লাঠি মিছিল বের করলে ভয়ে তারা পালিয়ে যা। সমাবেশে কোনো হামলা হয়নি।