২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

সাভারে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 02:44 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

বুধবার দুপুরে সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় ইস্কান্দার মুন্সীর নির্মাণাধীন ছয় তলা ভবনের নীচ তলা থেকে নয়টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান।

এ সময় মিরপুরের ওসাং টেক্স লিমিটেড বায়িং হাউজের কর্মকর্তা তৈয়বুল রহমান (২৮), মিরপুর বাংলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইকবাল হোসেন (২৩), ওই বাড়ির তত্ত্বাবধায়ক আশরাফ আলী (১৯) ও শিপনকে (২২) গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা জানান, বাড়ির নিচ তলায় বোমা তৈরির খবর পেয়ে বেলা ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় বাড়ির তত্ত্বাবধায়কের খাটের নিচ থেকে নয়টি হাতবোমা, বোমা তৈরির গান পাউডার, স্প্লিন্টার, স্কচটেপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে তৈয়বুল রহমান ও ইকবাল হোসেন বোমা তৈরির কারিগর বলেও তিনি জানান।

তত্ত্বাবধায়ক আশরাফ আলী বলেন, “গত এক সপ্তাহ ধরে তৈয়বুল ও ইকবাল এ বাড়িতে আসছেন। তারা রাতভর ইয়াবা বড়ি খায় আর এই গুলা(হাতবোমা) বানায়।”

ওই দুজনের সঙ্গে তার চেনা জানা নেই বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় সাভার মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।