চট্টগ্রামে হরতালে বোমা বিস্ফোরণ ও ভাংচুর, আটক ৬
বিরোধী জোটের টানা ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুর হয়েছে।
এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে হরতাল সমর্থক বিএনপি-জামায়াতের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
দুপুর সাড়ে ১১টার দিকে নগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকায় ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় জামায়াতে ইসলামীর চার কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও থানা এলাকায় গাড়ি ভাংচুরের চেষ্টাকালে একজনকে আটক করে পুলিশ।
এদিকে বিকাল তিনটার দিকে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে নূর আহম্মদ সড়কে শুরু হয় হরতালের সমর্থনে ১৮ দলের সমাবেশ।
সমাবেশ চলাকালে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী যুবদল সমর্থকরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে।
আমীর খসরুর উপস্থিতিতেই সমাবেশে উত্তেজনা তৈরি হয়। প্রায় ১৫ মিনিট পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে বিকাল ৩টার দিকে নাসিমন ভবনের সামনে থেকে সরাসারি সংবাদ সম্প্রচারের সময় চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক রণি দত্তের মাইক্রোফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। তখন দলীয় কার্যালয়ের সামনে থাকা বিএনপিকর্মীরা ওই ব্যক্তিকে নিবৃত্ত করেন।
সমাবেশ চলার সময় সাড়ে ৪টার দিকে সমাবেশের অদূরে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে একটি হাতবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
এছাড়া সমাবেশ চলাকালে সমাবেশ স্থলের দুই পাশে আরও দুটি হাতবোমা বিস্ফোরণ হয়।
সকাল ৯টার দিকে নগরীর বহদ্দারহাট মোড়ে একটি মিনিবাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।
এর আগে সকাল ৭টায় নগরীর কাজীর দেউড়ি থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি।
