দুদকের মামলা থেকে কামাল মজুমদার খালাস
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় করা সম্পদের তথ্য গোপনের একটি মামলা থেকে খালাস পেয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।
মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ফজিলা বেগম এ রায় দেন।
৭ কোটি ১৯ লাখ ৫১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে ১০ কোটি ২৩ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর কামাল মজুমদারের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুনীর্তি দমন কমিশন।
এ মামলার বাদি ছিলেন দুদকের উপ-পরিচালক মোরশেদ আলম।
ফাইল ছবি
ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদারের পক্ষে এ মামলা পরিচালনা করেন কাজী নজিবুল্লাহ হীরু। রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের আইনজীবী কবির হোসেন।
কবির হোসেন বলেন, মামলার বিচারে রাষ্ট্রপক্ষে ২৫ জনের সাক্ষ্য নেয়া হয়। আর আসামিপক্ষে কামাল মজুমদার নিজেই সাফাই সাক্ষ্য দিয়ে আত্মপক্ষ সমর্থনে কাগজপত্র উপস্থাপন করেন।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের দুই প্রধান রাজনৈতিক নেতাসহ বহু রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের অধিকাংশের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলা করে দুদক।
