বরিশালে ‘মাদক ব্যবসায়ী’র যাবজ্জীবন
ফেনসিডিল বিক্রির দায়ে এক ‘মাদক ব্যবসায়ীকে’ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
মঙ্গলবার বরিশাল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান এ রায় দেন।
একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
রায় ঘোষণার সময় দণ্ডিত মাসুদ ফকির (২৫) আদালতে উপস্থিত ছিলেন।
মাসুদ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ইছাকাঠী গ্রামের মৃত কাশেম আলী ফকিরের ছেলে।
মামলার বরাত দিয়ে এ আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির জানান, ২০১২ সালের ৩ অগাস্ট কাশীপুর বিভাগীয় কমিশনার কার্যালয় এলাকায় অভিযযান চালায় বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ভর্তি ফেনসিডিল ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী মাসুদ ফকির।
সেখান থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
এ ঘটনায় ওইদিনই মাসুদ ফকিরকে আসামি করে মহানগরের বিমানবন্দর থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন।
